হানিফ ফ্লাইওভারের সিঁড়ি ভাঙ্গতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ
- আপডেট সময় : ০৭:৩৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
- / 418
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার জন্য যাত্রাবাড়ী ও সায়েদাবাদের বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিঁড়িগুলো সরানোর নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের ফলে ফ্লাইওভারের মাঝপথ দিয়ে ওঠার সিঁড়ি অবিলম্বে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওরিয়ন কর্তৃপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, পৃথিবীর কোনো দেশে মাঝপথ থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়ি নেই।
আদালতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ৩১ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দেওয়ার পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে সিঁড়ি অপসারণের নির্দেশ দেন।
নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২ জুলাই আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড লিভ টু আপিল করে। বিষয়টি গত ৬ জুন চেম্বার বিচারপতির আদালতে ওঠে। এদিন আদালত স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় লিভ টু আপিল আজ শুনানির জন্য আপিল বিভাগে ওঠে।




















