গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমের কথা বলে পালালো পিচ্চি
- আপডেট সময় : ০২:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 4
গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরার পথে পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়েছেন রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা। রোববার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ির বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে এই ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, গাড়ি থামিয়ে বাথরুমে যাওয়ার আবদার করেছিলেন তিনি, আর সেই সুযোগটি কাজে লাগিয়েই পুলিশের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়েন এই বন্দি। পলাতক হাজতির নাম রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা (৩০)।
রাজার বাড়ি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসায়। তার বাবার নাম মোতালেব। মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। আদালতে হাজিরা শেষ করে ফেরার পথেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, পলায়নকারী হাজতিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তৎপর রয়েছে। এরই মধ্যে তার সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।
কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, হাজতিদের কারাগারের দিকে নিয়ে আসার সময় নিরাপত্তার মধ্যেই এই পালানোর ঘটনা ঘটেছে। আসামিকে দ্রুত পাকড়াও করতে প্রশাসনের একাধিক দল মাঠে কাজ করছে। এখন পর্যন্ত তাকে পুনরায় গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।

























