চলনবিলে আদিবাসী পল্লীতে শুরু তিন দিনের সহরায় পরব
- আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 0
চলনবিল অঞ্চলজুড়ে আদিবাসী পল্লীগুলোতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণিল উৎসব ‘সহরায় পরব’ বা সোহ্রাই। কার্তিক মাসের অমাবস্যা তিথিকে ঘিরে মাহাতো, বেদিয়া মাহাতো ও ওঁরাওসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের পরিবারগুলো এই ঐতিহ্যবাহী উৎসব উদযাপনে মেতে উঠেছে। উৎসবের প্রথম দিন গত রবিবার সন্ধ্যায় ছোট মাটির প্রদীপে সরিষার তেল ও সলতে ব্যবহার করে ‘দিয়ালি’ প্রজ্বালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ, পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর এবং নাটোরের সিংড়া এলাকার কয়েকশ পরিবার তাদের নিজস্ব সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই আয়োজন করে। উৎসবকে সামনে রেখে বাড়ির আঙিনা ও মাটির দেয়াল চালের গুঁড়া ও পানির মিশ্রণে বাহারি আল্পনায় সাজিয়ে তোলা হয়। উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে গত শনিবার রাতে কৃষিকাজে ব্যবহৃত লাঙল, জোয়াল ও মই পরিষ্কার করার পাশাপাশি গবাদি পশুর শিংয়ে তেল, হলুদ ও দূর্বা ঘাস মাখিয়ে বিশেষ যত্ন নেওয়া হয়।
রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাহাতো জানান, বংশপরম্পরায় তারা গোয়াল দেবতাকে সুখ, সমৃদ্ধি ও শক্তির প্রতীক হিসেবে পূজা করে আসছেন। তাড়াশের সরাপপুর এলাকার নিশিতা মাহাতোর মতে, কৃষিজীবী আদিবাসী পরিবারগুলো তাদের চাষাবাদের প্রধান ভরসা গবাদি প্রাণীর প্রতি গভীর মমতা থেকেই এই বিশেষ যত্ন ও পূজার আয়োজন করে থাকে। মাধাইনগরের শ্যামল মাহাতো জানান, হেমন্তের শুরুতেই মাটিকে চাষযোগ্য করে তোলার লক্ষে ধর্মীয় রীতি মেনেই তারা গোয়াল পূজায় মনোনিবেশ করেন।
রবিবার সন্ধ্যায় বসতভিটা, গোয়ালঘর, খামার এবং ফসলি মাঠের বিভিন্ন স্থানে মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে আগামী দিনের সমৃদ্ধি কামনা করা হয়েছে। সোমবার গোয়ালঘরে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় পরিবারের সদস্যরা এই প্রার্থনায় অংশ নেন। উৎসবের শেষদিন মঙ্গলবার ষাঁড় নাচানো এবং আদিবাসীদের নিজস্ব ঝুমুর নাচের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরব উপলক্ষে প্রতিটি পরিবারে আতপ চালের সঙ্গে পাঁঠা ও লাল মোরগের মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঐতিহ্য রয়েছে। নানা ধরনের পিঠা তৈরিতেও ব্যস্ত সময় কাটে নারীদের। এই উৎসব কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরা এবং পারস্পরিক সামাজিক বন্ধন ও সম্প্রীতি দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকৃতির সাথে মিশে থাকা আদিবাসীদের কৃষি জীবনের এই উৎসব মাটির প্রদীপের স্নিগ্ধ আলোয় প্রতিবছর নতুন করে প্রাণ ফিরে পায়।
























