জ্যাকসন হাইটসে কমিউনিটি সেন্টার ও সুইমিং পুলের জন্য তহবিল
- আপডেট সময় : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 4
নিউইয়র্কের জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে দীর্ঘ প্রতীক্ষিত কমিউনিটি সেন্টার ও সুইমিং পুল নির্মাণের পথে বড় অগ্রগতি হয়েছে। দীর্ঘদিনের এই দাবি পূরণে প্রকল্পের জন্য এখন পর্যন্ত মোট ৩ কোটি ৩৮ লাখ ডলারের অর্থায়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ১৪ অক্টোবর বুধবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এই প্রকল্পে এক কোটি ডলার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন। জ্যাকসন হাইটসের পিএস ৩৯৮ স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
গভর্নরের এই অনুদান ঘোষণার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কংগ্রেস সদস্য গ্রেস মেং, নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন, স্থানীয় কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান এবং ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাড লার্জ অ্যাটর্নিসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রকল্পটির পূর্ণাঙ্গ রূপ দিতে প্রায় ছয় কোটি ডলারের প্রয়োজন বলে জানিয়েছেন কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান। তিনি বলেন, জ্যাকসন হাইটসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় গত কয়েক দশক ধরেই এমন একটি আধুনিক কমিউনিটি সেন্টার ও সুইমিং পুলের প্রচণ্ড অভাব রয়েছে, যা স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
প্রস্তাবিত এই প্রকল্পটি জ্যাকসন হাইটসের ৭০-০২, ৩৪ অ্যাভিনিউতে অবস্থিত সাবেক ‘বিকিউই বিলিয়ার্ডস অ্যান্ড বার’-এর জায়গায় গড়ে তোলা হবে। প্রায় ৩০ হাজার বর্গফুটের এই বিশাল কেন্দ্রটি নির্মাণ করবে ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব কুইন্স। প্রকল্পটিতে অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন উৎস থেকে সহায়তা পাওয়া যাচ্ছে। এর মধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিল দিচ্ছে ৯৩ লাখ ডলার। এছাড়া ফেডারেল বরাদ্দ হিসেবে সিনেটর চাক শুমার ও কার্স্টেন জিলিব্র্যান্ডের মাধ্যমে ২০ লাখ ডলার এবং কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের প্রচেষ্টায় আরও ১০ লাখ ডলার নিশ্চিত হয়েছে। এছাড়া স্থানীয় স্টেট অ্যাসেম্বলি সদস্য জেসিকা গঞ্জালেস-রোহাস, স্টিভেন রাগা ও ক্যাটালিনা ক্রুজের উদ্যোগেও যুক্ত হচ্ছে আরও ১৫ লাখ ডলার। এই সম্মিলিত অর্থায়নের মাধ্যমে জ্যাকসন হাইটসের বাসিন্দাদের জন্য স্বপ্নের এই বিনোদন কেন্দ্র ও সুইমিং পুল নির্মাণের কাজ এগিয়ে চলেছে।

























