নাটোরে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 2
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী নারগিছ খাতুনকে আটক করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)।
লালপুর থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। জানা গেছে, জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এছাড়া তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে একই আইনে একটি মামলা চলমান রয়েছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

























