নরসিংদীতে কীটনাশক খেয়ে ২ শিশুর প্রাণহানি
- আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
- / 316
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে কীটনাশক খেয়ে তাওহিদ (৩) ও জিয়াদ (৪) নামে ২ সহদর শিশুর মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা নৌকার মাঝি আয়েত আলীর ২ শিশু পুত্র তাওহিদ ও জিহাদ বৃহস্পতিবার সকাল ৮টায় ঘরে রাখা দানাদার জাতীয় কীটনাশককে বিদেশী চকলেট মনে করে খেয়ে ফেলে। এতে তাদের অবস্থা বেগতিক হয়ে পড়ে। এসময় ঘরে তাদের বাবা-মা কেউই ছিলনা। তাদের প্রতিবেশীরা এসে অবস্থা বেগতিক দেখে ডাক-চিৎকার শুরু করলে পাশের বাড়ীতে কাজে থাকা শিশুদের মা কাজ ফেলে রেখে নিজ ঘরে ছুটে আসে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে আয়েত আলীর বাড়ীতে আত্মীয় স্বজনসহ শত শত লোক ভীড় জমায় এবং ২ শিশু পুত্রের মৃত্যুতে সমবেদনা জানান।
করিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে সদস্য মো: সাহাব মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি আয়েত আলীর বাড়িতে ছুটে যাই এবং বিষয়টি নিশ্চিত হই।


























