অধিনায়কত্ব হারাচ্ছেন না মুশফিক!
- আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
- / 309
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই বাংলাদেশের ভরাডুবিতে অধিনায়ক মুশফিকুর রহিমের অধিনায়কত্ব হারানোর জোর গুঞ্জন উঠেছে। তার বিকল্প হিসেবে অনেকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের নাম নিচ্ছেন। বাংলাদেশের পরবর্তী পূর্ণাঙ্গ সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে দেড় মাস পর। ঘরের মাঠে সেই টেস্ট সিরিজে আরো একবার সুযোগ পেতে পারেন মুশফিক। বিসিবির অন্যতম একজন পরিচালক এমন তথ্যই দিয়েছেন বলে জানিয়েছে একটি অনলাইন পোর্টাল।
ব্লুমফন্টেইন টেস্ট শেষে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান জানান বাংলাদেশের টেস্টে সবচেয়ে সফল অধিনায়ক মুশফিক। বলেন, ‘সামনের সিরিজের আগে অনেক সময় আছে হাতে। এ সময়ে বোর্ড চাইলে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এখানে আমার ইচ্ছা-অনিচ্ছার কিছু নাই। অধিনায়ক হিসেবে আমি গর্বিত। এব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি না। আশা করি বোর্ড দলের ভালোর জন্য সেরা সিদ্ধান্তটাই নিবে। ব্যক্তির চেয়ে দেশের গুরুত্ব আগে।’
সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মুশফিক বলেন, ‘দল ভালো করতে সব কৃতিত্ব যায় টিম ম্যানেজমেন্টের ভাগে, আর খারাপ করলে সব দোষ অধিনায়কের। আমি এটিও মেনে নিতে প্রস্তুত আছি।’
সিরিজের পারফরম্যান্স নিয়ে মুশফিক বলেন, ‘উপমহাদেশের অনেক দলই এখানে এসে ব্যর্থ হয়। আমাদের মাত্র দু’জন আছে যারা আগেরবার দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলো (মুশফিক ও ইমরুল কায়েস)। তবু আমরা সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি। এজন্য খারাপ লাগছে।’

























