কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭
- আপডেট সময় : ০৪:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 0
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, নিয়োগে বয়স সংক্রান্ত অনিয়ম এবং ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহারের দায়ে সাতজনকে বরখাস্ত করা হয়েছে। এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক এবং দুই কর্মচারী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া। তিনি জানান, অভিযোগ ওঠার পর থেকেই এই সাতজনকে দীর্ঘ সময় সাময়িক বরখাস্ত রাখা হয়েছিল। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্তদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, যার মধ্যে কয়েকজন উত্তর দিলেও বাকিরা কোনো সাড়া দেননি। পরবর্তীতে সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে তাদের স্থায়ী বরখাস্তের আদেশ দেওয়া হয়।
বরখাস্ত হওয়া পাঁচ শিক্ষক হলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শিল, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তালুকদার, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা ও সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান। এছাড়া অভিযুক্ত দুই কর্মচারীর মধ্যে রয়েছেন উপ-রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী ও অফিস সহকারী সত্যজিৎ কুমার দত্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্তে উঠে আসা নিয়ম লঙ্ঘন ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মগুলোর সত্যতা পাওয়ার পরই কঠোর এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

























