সিরাজগঞ্জে হাঁসের খামারে অভাব দূর করে স্বাবলম্বী বহুলুল
- আপডেট সময় : ১২:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 0
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা মো. বহুলুল বেপারি আজ নিজের এলাকায় সফলতার এক অনন্য দৃষ্টান্ত। একসময় টানাপোড়েনের সংসার চালাতে হিমশিম খেতে হলেও হাঁসের খামার তাঁর জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। নিজের উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে তিনি প্রায় এক বছর আগে এই উদ্যোগটি শুরু করেন। ইউটিউব থেকে হাঁস পালনের কৌশল রপ্ত করে তিনি কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের স্বপ্নপূরণের পথে যাত্রা শুরু করেছিলেন। বহুলুল বেপারি জানান, তাঁর সংগ্রাম ও সাফল্যের গল্প।
বড় কোনো পুঁজি না থাকায় তিনি মেয়ের জামাইয়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এই অর্থ দিয়ে ৪ থেকে ৫ মাস বয়সী ৯৪১টি হাঁসের বাচ্চা কিনে খামার গড়ে তোলেন। যদিও শুরুর দিকে নানা প্রতিকূলতায় ২৭৫টি হাঁস মারা যায়, তবুও দমে যাননি তিনি। বর্তমানে তাঁর খামারে ৬৬৬টি হাঁস রয়েছে, যার মধ্যে ৪৪৪টি লেয়ার হাঁস থেকে প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম পাওয়া যাচ্ছে। বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে, আর চাহিদার ভিত্তিতে প্রতি খাঁচি ডিম ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত বিক্রি করে আয় করছেন তিনি। এই আয়ের মাধ্যমেই তিনি তিন সন্তানের পড়াশোনাসহ সংসারের সব ব্যয় নির্বাহ করছেন।
স্থানীয়দের মতে, খাষকাউলিয়া ইউনিয়নের বড় একটি অংশ বর্ষায় প্লাবিত থাকে এবং শুষ্ক মৌসুমে এখানে খাল-বিল ও জলাশয় হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী। বহুলুল বেপারির এমন সাফল্যে আশপাশের অনেক বেকার যুবক এখন নতুন উদ্যমে বিকল্প কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক ও ওমর আলী জানান, তাঁর এই উদ্যোগ তরুণদের স্বাবলম্বী হওয়ার প্রেরণা দিচ্ছে। অদূর ভবিষ্যতে তিনি খামারের পরিধি আরও বড় করার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।
চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম জানান, চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালন অত্যন্ত লাভজনক এবং এটি গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। স্বল্প পুঁজি ও পরিশ্রমে ডিম ও মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি গ্রামীণ পরিবারগুলোর পুষ্টি নিরাপত্তাও এর মাধ্যমে নিশ্চিত হচ্ছে। বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি একটি আদর্শ কর্মসংস্থান হতে পারে। প্রাণিসম্পদ দপ্তর থেকেও খামারিদের নিয়মিত টিকাদান, পরামর্শ এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, বৈজ্ঞানিক উপায়ে সঠিক পরিচর্যা ও নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে হাঁস পালন আরও বেশি লাভজনক হয়ে উঠবে। খামারি বহুলুল বেপারির স্ত্রী মর্জিনা বেগমও জানান, হাঁসের খামারটিই তাঁদের পরিবারকে সচ্ছলতা ও স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। সঠিক আর্থিক সহায়তা ও দিকনির্দেশনা পেলে চরাঞ্চলের এই শিল্পটি ভবিষ্যতে আরও বিকশিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এলাকার খামারি ও সাধারণ মানুষ যেভাবে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসার দাবিদ্বার। সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য ও সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হাঁস পালনে আরও লাভজনক হবে খামারিরা বলে জানায় এলাকার সচেতন মহল।

























