চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারালেন দুইজন
- আপডেট সময় : ০৫:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 0
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রোববার দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ মোট দুজন নিহত হয়েছেন। হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় ঘটা এসব দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। চকরিয়া থেকে টমটমে করে উত্তর হারবাং যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ছয় মাস বয়সী আরহামকে মৃত ঘোষণা করেন। নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের সন্তান। একই দুর্ঘটনায় শিশুটির মা ফাহমিদা ইয়াসমিন লাকি, খালা উর্মী আক্তার, তিন বছর বয়সী বোন আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), খালা উর্মী আক্তার, তিন বছর বয়সী বোন আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন।
একই সময়ে মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান (৬২) ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুবুর রহমান সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে। নিহতের ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং তিন মাস আগে দেশে ফিরেছেন। রোববার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়ে তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন। নিহতের ভাগিনা সাংবাদিক ইলিয়াস আরমান জানান, কোনো একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, তবে ঘটনাস্থলে কেউ না থাকায় ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হয়নি।
এসব দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর পিকআপ ও টমটমের সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়া পেট্রোল পাম্পের অদূরে পড়ে থাকা মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

























