সাজেকে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯ বছরের শিশু
- আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 5
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় এই সংঘাতের সময় বাড়ির বাইরে থাকা সঞ্জিতা ত্রিপুরা নামে ৯ বছর বয়সী এক শিশু বাম হাতে গুলিবিদ্ধ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি জানান, আধিপত্য বিস্তারের জেরে সকালে দুই পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধ শুরু হয়। গুলিবিদ্ধ শিশুটির হাত থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ওসি।
এই অনাকাঙ্ক্ষিত গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সংঘাতের পর সাজেকের পুরো চাইল্যাতলী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
















