জামায়াতকে ‘অকৃতজ্ঞ’ দল বলে মন্তব্য করলেন প্রতিমন্ত্রী মীর শাহে
- আপডেট সময় : ০৫:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 18
জামায়াতে ইসলামীকে একটি ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের কর্মকাণ্ড ও তাদের ভূমিকা নিয়ে দেশের মানুষ ক্লান্ত এবং তাদের এই অভিনয় দেখার ধৈর্যও ফুরিয়ে এসেছে। জামায়াতের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০০১ সালে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী বানিয়েছিলেন।
বর্তমান সরকারকে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত জনগণের সরকার হিসেবে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, যারা গত নির্বাচনে বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতিকতা করেছে, দলে তাদের কোনো স্থান আর হবে না। তিনি ১১ দলীয় জোটের সমালোচনা করে তাদের একটি ‘ফুটবল টিম’ হিসেবে বিদ্রুপ করেন। এছাড়া নাহিদ ও হাসনাতসহ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত লংমার্চের বিষয়টি উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিএনপির কোনো ধরনের হুমকির তোয়াক্কা না করার কথা জানিয়ে তিনি বলেন, ধৈর্য ধরতে বলা হয়েছে বলেই তারা বর্তমানে চুপ আছেন।
আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি গুরুত্ব দিয়ে বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং নির্বাচনের জন্য এখনই সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও প্রদান করেন তিনি।

























