ভোলার চরফ্যাশনে মাদরাসা ছাত্রকে অপহরণের চেষ্টার ঘটনায় তদন্তে পুলিশ
- আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 2
ভোলার চরফ্যাশন উপজেলায় প্রকাশ্যে এক মাদরাসা ছাত্রকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় বাধা প্রদান করায় দুর্বৃত্তরা ওই ছাত্রকে ছুরিকাঘাত করে আহত করে। শুক্রবার বিকেলে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার মহল্লা এলাকার বাসিন্দা এবং মাদরাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমানের ছেলে হাফেজ মো. তাহসীন বাড়ি থেকে বের হয়ে মাদরাসায় যাওয়ার পথে এই পরিস্থিতির শিকার হয়। ফাতেমা মতিন মহিলা কলেজের নিকটবর্তী খালপাড় এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে নেমে তিনজন মুখোশধারী যুবক তার গতিরোধ করে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা কৌশলে একটি ঠিকানা দেখানোর অজুহাতে তার কাছে যায় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই চেতনানাশক পদার্থ মেশানো রুমাল দিয়ে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা চালায়।
এ সময় তাহসীন নিজেকে রক্ষার জন্য বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে সে আক্রমণকারীদের একজনের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ভুক্তভোগীর বাবা মো. মিজানুর রহমান জানান, প্রকাশ্য দিবালোকে তার ছেলেকে অপহরণের চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। পরিবারের পক্ষ থেকে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
























