গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহায়তা চাইলেন আইজিপি
- আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 8
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এই আহ্বান জানান। আইজিপি আশ্বস্ত করে বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এটি বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
থানায় অগ্নিসংযোগের মতো ঘটনার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, থানাগুলো মূলত জনগণের সেবা প্রদানের জন্য স্থাপিত। জনগণ যদি নিজেরাই তাদের সেবাকেন্দ্র পুড়িয়ে দেয়, তবে পুলিশ কীভাবে সেবা নিশ্চিত করবে? তিনি উল্লেখ করেন, একটি এলাকায় লক্ষাধিক মানুষের বিপরীতে পুলিশের সংখ্যা অত্যন্ত নগণ্য। যেমন কোনো এলাকায় ১০ লাখ মানুষের বিপরীতে থানায় হয়তো মাত্র ২০ জন সদস্য দায়িত্ব পালন করেন। যদি জনগণ মনে করেন এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তবে তাদের নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিতে হবে।
সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, জনগণ যা চাইবে সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আলী হোসেন ফকির বলেন, অতীতে এমন অনেক লাগাতার কর্মসূচির পরিণাম সবার জানা আছে। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা উচিত নয় যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।


























