সোনাগাজীতে নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ৩
- আপডেট সময় : ১২:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / 235
সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ
সোনাগাজীতে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় তিন যুবক আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ৩১ মার্চ রোববার ৪র্থ দাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ ও তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াতুল হক বিটুর দুই পোলিং এজেন্ট ফয়েজ উল্যাহ ও সাইফ উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে সোমবার বিকাল ৫টার দিকে ফয়েজ উল্যাহর নেতৃত্বে টিউবওয়েল প্রতীকের ৪/৫জন সমর্থক তালা প্রতীকের এজেন্ট সাইফ উদ্দিন ও মো. সাহেদকে পিটিয়ে আহত করে।
এই খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালা প্রতীকের সমর্থকেরা নূরনবীর নেতৃত্বে ৪/৫জন সমর্থক জড়ো হয়ে টিউবওয়েল প্রতীকের এজেন্ট ফয়েজ উল্যাহকে পিটিয়ে আহত করে। উভয় পক্ষের আহত তিন যুবককে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

























