ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড়
- আপডেট সময় : ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 22
নিজস্ব প্রতিবেদক | বিডিসংবাদ
ফেনীর ফাজিলপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন দেশের প্রখ্যাত নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফাজিলপুরের নুরুন নাহার-একটি দাতব্য হাসপাতালের উদ্যোগে আয়োজিত বিশেষ চিকিৎসা শিবিরে তিনি দিনব্যাপী রোগী দেখেন। এ চিকিৎসাসেবা নিতে শুধু ফাজিলপুর নয়, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও রোগীরা আসেন।

আয়োজিত চিকিৎসা শিবিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ নেন। দূরদূরান্ত থেকে আসা রোগীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে সরাসরি চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে বসেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

চিকিৎসাসেবা শেষে অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মানুষের সেবা করা চিকিৎসক হিসেবে আমাদের অন্যতম দায়িত্ব। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফাজিলপুরে এসে মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করি।

দাতব্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ও শমরিতা হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. এবিএম হারুন বলেন, এলাকার সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। ফাজিলপুরের পাশাপাশি ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা নিতে এসেছেন। একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে সেবা দেওয়ার এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে চিকিৎসা শিবিরটি সম্পন্ন হয়। রোগীদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সন্তুষ্টি এ আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রত্যন্ত এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা শিবির সাধারণ মানুষের জন্য বড় সুযোগ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে দূরের শহরে যাওয়ার প্রয়োজনীয়তা কমাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


























