চকরিয়ায় ৩৫০০ ইয়াবা উদ্ধার মোটর সাইকেলসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০১:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
- / 213
কক্সবাজার প্রতিনিধিঃকক্সবাজারের চকরিয়ায় অভিনব কৌশলে পাচারকালে পুলিশ মোটর সাইকেলের ভেতর থেকে সাড়ে তিন হাজার পিস্ ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার রাইসুল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী ও ওসি তদন্ত মিজানুর রহমানের নের্তৃত্বে পুলিশের দল বাস টার্মিনালস্থ এসএ পরিবহনে এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত দুই পাচারকারী হলেন, টেকনাফ উপজেলার ডেইঙ্গাকাটা গ্রামের মোহাম্মদ ইলিয়াছের ছেলে মিজানুর রহমান (২৫) ও কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার জাফর আহমদের ছেলে আকতার ফারুক মুন্না (২৬)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোটর সাইকেলের ভেতর করে ইয়াবার চালান ঢাকায় পাঠানো হচ্ছে বিষয়টি গোপনে জানতে পেরে সেখানে (চকরিয়া বাসটার্মিনালস্থ এসএ পরিবহন কাউন্টার) এলাকায় আগে থেকে অভিযানে নামেন থানার এসআই কাওছার উদ্দিন চৌধুরী ও এসআই আবদুল খালেকসহ পুলিশের একটিদল। সোমবার সাড়ে ১২টার দিকে গ্রেফতারকৃত ওই দুই যুবক এসএ পরিবহন নামের কুরিয়ার সার্ভিসে ঢুকে মোটর সাইকেলটি ঢাকায় বুকিং দেয়ার জন্য কাউন্টার ম্যানেজারের সাথে কথা বলছিলেন। ওইসময় এসআই কাওছার চৌধুরী ও এসআই আবদুল খালেক তাদের গতিবিধি লক্ষ্য করেন। এরপর সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটিদল পৌঁেছ ওই দুই যুবককে গ্রেফতার করে।
ওসি বখতিয়ার আরো বলেন, দুই যুবককে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি মতে ব্যবহৃত মোটর সাইকেলটির পার্টস খুলে ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা সাড়ে তিন হাজার পিস্ ইয়াবা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুই পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

























