খাগড়াছড়িতে পিতা-পুত্রকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৩:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
- / 229
চট্টগ্রাম প্রতিনিধি: খাগড়াছড়ির দূর্গম থলিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও তার পুত্র কর্ণ ত্রিপুরা (৩০) নিহত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন পিতা ও পুত্রকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ।
এ সময় চিরঞ্জিত ত্রিপুরা ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাড়ীঘর ভাংচুর এবং লুটপাট হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় একই পরিবারের আরো দুই সদস্য আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নিহত চিরঞ্জিতের স্ত্রী ভবেলক্ষ্মী ত্রিপুরা (৪৫) ও কর্ণ জ্যোতির স্ত্রী বিজলী ত্রিপুরা (২৮)।
এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের থলিপাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্য কালিবন্ধু ত্রিপুরা নেতৃত্বে ৩০/৪০ সন্ত্রাসী চিরঞ্জিত ত্রিপুরার বাড়ীতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা চিরঞ্জিত ত্রিপুরা ও তার পুত্র কর্ণ ত্রিপুরাকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করলে চিরঞ্জিত ত্রিপুরা ঘটনাস্থলে নিহত হয়।
আহত কর্ণ ত্রিপুরাকে সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার দুই পায়ে গুলির আঘাতের চিহৃ রয়েছে। এ ছাড়া বাধা দিকে গিয়ে গুরতর আহত হয়েছে চিরঞ্জিত এর স্ত্রী ভবেলক্ষী ত্রিপুরা ও পুত্রবধূ বিজলী ত্রিপুরা গুরুতর আহত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্বার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহতের আরেক ছেলে উমেশ কান্তি ত্রিপুরা বলেন, নুনছড়ি এলাকার ইউপি সদস্য কালি বন্ধু ত্রিপুরা এবং তার ছেলে প্রদীপ ত্রিপুরা ও রচন বিকাশ ত্রিপুরা সহ এলাকার ৮ থেকে ১০ মিলে আমাদের উপর হামলা চালায়। তারা পিটিয়ে ও গুলি করে আমার বাবা ও ভাইকে হত্যা করে। মা ও ভাবীকে হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলী খান বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

























