খাগড়াছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে পিতা-পুত্র নিহত
- আপডেট সময় : ০৪:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
- / 253
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার থলিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন চিরঞ্জয় ত্রিপুরা (৬০) ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা (৩৫)।
একই ঘটনায় গুরুতর আহত হয়ে চিরঞ্জয় ত্রিপুরার স্ত্রী ভবে লক্ষী ত্রিপুরা ও ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী বিজলী ত্রিপুরা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য কালিবন্ধু ত্রিপুরার নির্দেশে তার ছেলে ও সহযোগীরা চিরঞ্জয় ত্রিপুরার বাসায় গুলি ও বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলায় ঘটনাস্থলেই মারা যান চিরঞ্জয় ত্রিপুরা। আহত অবস্থায় পরিবারের অপর দুই সদস্যকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কর্ণ জ্যোতি ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো: আলী আহমদ খান জানান, নিহতেদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে।

























