আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দুর্ঘটনা দাবি কর্তৃপক্ষের, তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 43
নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘দুর্ঘটনাজনিত’ বলে দাবি করেছে। এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও অব্যবস্থাপনার অভিযোগ খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন কর্তৃপক্ষের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, “যে ওয়ার্ডে এই দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে, সেখানে ১১ জন মা এবং সদ্য ভূমিষ্ঠ ছয়জন শিশু ছিল। শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন। শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার্ড হওয়ায় অনেক সময় অতিরিক্ত ঠান্ডার কারণে রোগী ও স্বজনরা নার্সকে এসি বন্ধ করতে বলেন।”
ঘটনার বিবরণ দিয়ে ডা. নাহিদা ইয়াসমিন জানান, রাতে হঠাৎ দুটি শিশু অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালের নিওনেটাল আইসিইউতে (NICU) নেয়া হয়। রাত ৩টার দিকে চিকিৎসকরা পরীক্ষা করে জানান যে শিশুরা ভালো আছে এবং এরপর তাদের আবারও সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু ভোর ৬টার পর দায়িত্বপ্রাপ্ত নার্স ও মায়েরা দেখতে পান শিশুদের অবস্থা খারাপ হচ্ছে। এরপর দ্রুত ওই ছয় শিশুকেই ফের নিওনেটাল আইসিইউতে নেওয়া হলে সেখানে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চার শিশুকে ভেন্টিলেটর সাপোর্টে রেখে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন, ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যেই এই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




















