ইয়েমেনের উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর প্রাণহানি
- আপডেট সময় : ০২:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 96
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইয়েমেনের উপকূলে এক জাহাজ ডুবিতে কমপক্ষে ২৭ জন অভিবাসীর প্রাণহানি হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের দুটি নিরাপত্তা সূত্র রোববার বার্তা সংস্থা এএফপিকে জানায়, এই দুর্ঘটনায় আরো শতাধিক লোক এখনও নিখোঁজ রয়েছে।
একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দুবাই থেকে এএফপি জানায়, ঘটনাটির তদন্ত চলছে। ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লাশগুলো উদ্ধার করা হয়েছে।
অপর সূত্রটি জানায়, ডুবে যাওয়া নৌকায় ১৫০ জন আরোহী ছিলেন এবং ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একটি পুলিশ সূত্র এএফপিকে জানায়, নৌকাটি (আবিয়ান) প্রদেশের উপকূলের দিকে যাচ্ছিল।
আবিয়ান প্রদেশের নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আবিয়ান উপকূলে ডুবে যাওয়া উল্লেখযোগ্য সংখ্যক ইথিওপীয় ওরোমো অভিবাসীর লাশ উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনী বর্তমানে একটি বৃহৎ অভিযান পরিচালনা করছে।
এতে আরো বলা হয়, বিভিন্ন সৈকত জুড়ে বহু লাশ পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে যে, সমুদ্রে এখনও অনেক ভুক্তভোগী নিখোঁজ হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস


























