কাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ফখরুল
- আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
- / 218
বিডিসংবাদ ডেস্কঃ ‘প্রহসনের নির্বাচনে’র অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কাদের সাহেবকে গিয়ে বলেন- আগে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ মিথ্যাচার করেছেন, তার জন্য যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাফ চান। তারপর আলোচনার পথ তৈরি হবে।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আবারো বলেন, নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলেই কেবল তারা সংলাপে যাবেন। না হলে যাবেন না। এটা ঐক্যফ্রন্ট ও বিএনপির সিদ্ধান্ত।
তিনি বলেন, আওয়ামী লীগের হামলার বিষয়গুলো জাতির সামনে উঠে আসছে। তবে তাদের লজ্জা–শরম বলতে কিছু নেই। তারা মহাবিজয়ের কথা বলছে। অথচ মহাবিজয়ে সারা দেশের মানুষের মুখে কোনো হাসি নেই।




















