চীনে ভলিবল দলের ওপর জিমের ছাদ ধসে নিহত ১১
- আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / 178
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চীনের উত্তর-পূর্বাঞ্চলের শিল্প প্রদেশ হেইলংজিয়াংয়ের একটি স্কুলের জিমের ছাদ ধসে ১১ জন নিহত হয়েছে। ঘটনার সময় জিমে নারী ভলিবল দলের সদস্যরা ছিলেন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
নিহতদের মধ্যে বেশিরভাগ শিশু বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এ ব্যাপারটি কর্মকর্তারা এখনো নিশ্চিত করেননি।
এদিকে ক্ষুব্ধ অভিভাবকরা খবর জানতে পাশের একটি হাসপাতালে ভিড় করেছেন।
জিমের ভিতরে ১৯ জন ছিলেন। এর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্লাইট নামক এক ধরনের আগ্নেয়গিরির কাচ ওই জিমের ছাদে অবৈধভাবে স্তুপ করে রাখা হয়েছিল। বৃষ্টি হওয়ায় সেগুলো পানি শুষে নেয় এবং রোববার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে জিমের ছাদ ধসে পড়ে।
ঘটনার পর স্কুলের নারী ভলিবল দলের কোচ ধংসস্তুপের কাছে গিয়ে শিক্ষার্থীদের নাম ধরে ডাকতে থাকেন।
এদিকে অভিভাবকরা উদ্ধার অভিযানের ধীরগতির জন্য কর্তৃপক্ষকে দায়ী করেন। কারণ সোমবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলতে থাকে।
সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস





















