‘জার্মানি আবার যুদ্ধ চায়’, ড্রোন হামলার অভিযোগ নাকচ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 2
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
জার্মানি ‘আবার যুদ্ধ চায়’ বলে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় রাশিয়া জড়িত— বার্লিনের এমন অভিযোগও নাকচ করেছেন তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জার্মান সরকার ওই ঘটনার জন্য মস্কোকে দায়ী করে বলেছে, রাশিয়া ‘নিম্নপর্যায়ের এজেন্টদের’ মাধ্যমে পূর্ব জার্মানির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন ব্যবহার করে ‘হাইব্রিড হামলার’ চেষ্টা চালিয়েছে।
এই ঘটনার জেরে চলতি সপ্তাহে মস্কো ও বার্লিন একে অপরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রুশ কূটনীতিকদের তলব করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘এটি একটি সত্যিকারের যুদ্ধের শুরুর মতো। তারা বন শহর থেকে কনস্যুলেট জেনারেল বহিষ্কার করেছে। বার্লিনে রুশ হাউস (সাংস্কৃতিক কেন্দ্র) বন্ধ করে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে কী হয়েছিল, তা আমার মনে আছে… তারা আবার যুদ্ধ চায়।’
লাভরভ জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগও তোলেন।
সাক্ষাৎকারটির একটি অংশ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্টি টিভি প্রকাশ করেছে।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জার্মানি ইউক্রেনের অন্যতম প্রধান মিত্র।
রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এমন সময়ে এসব মন্তব্য করলেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলছে।
বিডিসংবাদ/এএইচএস

















