দেশে পৌঁছেছে সৈয়দ আশরাফের লাশ
- আপডেট সময় : ০১:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
- / 201
বিডিসংবাদ ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের লাশ দেশে পৌঁছেছে। শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার লাশবাহী বাংলাদেশ বিমানের বিজি০৮৯ ফ্লাইটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানা যায়, বিমানবন্দর থেকে সৈয়দ আশরাফের লাশ ২১ বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হবে।
রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর হেলিকপ্টারে লাশ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সৈয়দ আশরাফ দীর্ঘ দিন যাবৎ ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




















