দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 0
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পার হয়ে গেছে। ফলে এখন তিনি যদি দেশে ফেরেন, তবে আইনের বিধান অনুযায়ী ফাঁসি কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার বিষয়ে তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তি, যিনি দেশের বাইরে পলাতক রয়েছেন, তাকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া আইনগতভাবে অসম্ভব। আইন অনুযায়ী, ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এই অবস্থায় তাকে পাসপোর্ট ইস্যু করা হবে মূলত বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল।
চিফ প্রসিকিউটর আরও জানান, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করেছে। তিনি এই উদ্যোগকে হাস্যকর অভিহিত করে বলেন, আবেদনটি স্বয়ং শেখ হাসিনা বা তার দল করেনি। তাছাড়া শেখ হাসিনা যে বর্তমানে ভারতে অবস্থান করছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সরকারি দলিলপত্র তাদের কাছে নেই। তিনি আরও উল্লেখ করেন, ভারত সরকার মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন।
আমিনুল ইসলামের মতে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সদিচ্ছা নেই। তার ভাষ্যমতে, যদি সত্যিই তার দেশে ফেরার ইচ্ছা থাকত, তবে বিচার চলাকালীন তিনি হাজির হতেন অথবা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতেন। তিনি শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বলেন, তিনি যদি সত্যিই ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিত আবেদন জানানোর মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারেন। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি।
শেখ হাসিনা তার আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেলেও নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এখন বিদেশে বসে অপতৎপরতা চালিয়ে তিনি নিজের দলের নেতাকর্মীদের আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন, যা আরেকটি ভুল পদক্ষেপ। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।
শেখ হাসিনার বক্তব্যের সত্যতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভার্চুয়াল মাধ্যমে যে অডিও বা বক্তব্য সামনে আসছে, তা আসলেই শেখ হাসিনার কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কোনো সরাসরি বক্তব্য এ পর্যন্ত ট্রাইব্যুনালের হাতে আসেনি।























