নরসিংদীর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের তদন্ত কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৩:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
- / 263
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল’র বিরুদ্ধে আড়াই কোটি টাকা মূল্যের ৩ টি পৃথক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নরসিংদীর স্থানীয় দৈনিক, সাপ্তাহিক সহ জাতীয় পত্র পত্রিকায় সদর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই তদন্ত কার্যক্রম শুরু করেছে।
নরসিংদী এলজিইডি ভবনে অভিযোগকারী হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সুজিত সুত্রধর’র উপস্থিতিতে এলজিইডি সদর দপ্তরের এসআরআইআইপি’র নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান আনুষ্ঠানিক ভাবে এই তদন্ত কার্যক্রম শুরু করে। অভিযোগকারী সুজিত সুত্রধর উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল ও সংশ্লিষ্ট ঠিকাদারদের দুর্নীতির বিভিন্ন ক্ষেত্রগুলো চিহ্নিত করে তদন্তকারী কর্মকর্তাকে বুঝিয়ে দেন। তদন্তারী কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান গভীর আগ্রহ সহকারে অভিযোগকারীর বক্তব্য শ্রবন শেষে তার নিকট থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেন। এ সময় তদন্ত কার্যক্রমে অনাকাঙ্খিতভাবে উপস্থিত হন সংশ্লিষ্ট ঠিকাদার ও তাদের ঠ্যাঙ্গারে বাহিনী।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সম্মুখেই তদন্ত কার্যক্রমে বাঁধা সৃষ্টির ব্যর্থ চেষ্টা চালায়। এ অবস্থায় তারা নিজেরা আস্ফালন করতে থাকেন অভিযোগকারী সুজিত সুত্রধরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন ভাষায় হুমকি-ধমকি দিতে থাকেন। অভিযোগকারী সুজিত সুত্রধর এতে কিছুটা ভীত হয়ে পড়লে তদন্তকারী কর্মকর্তা তাকে আশ্বস্থ্য করেন। পরবর্তী সময়ে জানা যায়, অভিযোগে ক্ষতিগ্রস্থ কয়েকটি মহল থেকে এই সব ঠিকাদার ও তাদের সন্ত্রাসীদেরকে তদন্তে বাঁধাগ্রস্থ কালীন কৌশলে তাদেরকে প্রেরণ করে। এরপর কাগুজে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা নরসিংদী শহর সংলগ্ন হাজীপুর ইউনিয়নে গিয়ে অভিযুক্ত ৩টি প্রকল্প সরেজমিনে তদন্ত করেন বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন আড়াই কোটি টাকার ৩টি প্রকল্পের ব্যাপক দুর্নীতির ঘটনা তদন্তকারী কর্মকর্তার নিকট বর্ণনা করেন। নরসিংদী সদর উপজেলা পরিষদের টেন্ডার নং ২/১৪-১৫ ইং এর ৯৮টি প্রকল্পের মধ্যে হাজীপুরে ৬৯, ৭০ ও ৭১ নং রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ২ কোটি ৫০ লক্ষ টাকার ৩টি প্রকল্পের টাকা কাজ না করে প্রভাবশালী ঠিকাদার ও প্রভাবশালী মহলের যোগসাজসে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সুজিত সুত্রধর।
এই খবর স্থানীয় দৈনিক, সাপ্তাহিক সহ জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হলে নরসিংদীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই ভয়াবহ দুর্নীতির ঘটনাটি এলজিইডি কর্তৃপক্ষের গোচরীভূত হলে তারা বিষয়টি আমলে নিয়ে অভিযোগকারী সুজিত সুত্রধরকে এলজিইডি সদর দপ্তর থেকে তদন্তের একটি পত্রে কপি দেয়া হয়। প্রদেয় পত্রের সারমর্মানুযায়ী তদন্তকারী দল আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়।

























