নাগরিকদের অস্ত্র নেয়ার আর্জি সুদানে
- আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / 133
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সুদানের দারফুরের গভর্নর স্থানীয় মানুষদের অস্ত্র নেয়ার আর্জি জানিয়েছেন। যুদ্ধ আরো বাড়তে পারে বলে তার আশঙ্কা।
গত এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশের সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আধাসামরিক বাহিনী আরপিএফ-এর প্রধান। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খারতুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরের গভর্নর রাজ্যের নাগরিকদের এই বার্তা দিয়েছেন।
গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, পুরুষ-নারী, বৃদ্ধ-জওয়ান নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন।
দেশের সেনা বাহিনীর সাথে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এর মধ্যে জানজওয়াইদে উগ্র গোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ। আরবের জনজাতি গোষ্ঠীর অন্তর্গত এই যোদ্ধারা ২০০৩ সালে দারফুর যুদ্ধে অংশ নিয়েছিল। গোটা দারফুরকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল। সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন গভর্নর। দেশের সেনাবাহিনীকে সমর্থনের আর্জি জানিয়েছেন তিনি।
এদিকে সোমবার বিকেলে দুই যুযুধান গোষ্ঠীর যুদ্ধবিরতির চুক্তি শেষ হবে। সৌদি আরব এবং আমেরিকার মধ্যস্থতায় এই চুক্তি সই হয়েছিল। সোমবার থেকে যাতে আবার নতুন করে লড়াই শুরু না হয় তার আহ্বান জানানো হয়েছে। তবে স্থানীয় সংবাদপত্রের দাবি, ইতোমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। নতুন করে বোমা-গুলি-মর্টারের শব্দ শোনা যাচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে
বিডিসংবাদ/এএইচএস





















