প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, যুবক কারাগারে
- আপডেট সময় : ১২:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 0
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার একটি আদালতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান তাকে কারাগারে প্রেরণের এই নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত বুধবার (২১ অক্টোবর) ডিবি পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের উত্তর অঞ্চলের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানোর সময় একটি আপত্তিকর ফেসবুক পোস্ট শনাক্ত করে। ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের ফেসবুক গ্রুপে ‘মাইশা আঞ্জুম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসের ছবি প্রকাশ করা হয়।
সেই ছবির নিচে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’। এ ধরনের মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানি দেওয়ার অভিযোগে তদন্ত কর্মকর্তা জানান, দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
মন্তব্যটি নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ ও রাজশাহী মহানগর পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করা হয়। অভিযানের সময় আবু বকর সিদ্দিকের ব্যবহৃত স্মার্টফোনটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই মন্তব্য করার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় তার বাবা মো. আয়নাল হককে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত জামিনে মুক্ত থাকলে আলামত নষ্ট বা আত্মগোপনের আশঙ্কা রয়েছে জানিয়ে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে রাখার আবেদন করেন।
এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। রাষ্ট্রপ্রধানের জীবন ও নিরাপত্তার হুমকির বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুরো ঘটনার তদন্ত চলছে।

























