ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ০৫:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এসি একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুলসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এই দিবসের তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
এদিকে, দিবসটি উদযাপনে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী এক বিশাল শোভাযাত্রায় অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বের হওয়া এই মিছিলে বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন বিএনপি নেতারা ও বিপুল কর্মীবাহিনী অংশ নেন।
মিছিলের সামনের অংশে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং পেছনে হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে শোভাযাত্রাটি সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য আয়োজনে বের হওয়া মিছিলটি শেষে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

























