মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে হামলা হচ্ছে: ইরানের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 14
মধ্যপ্রাচ্যের সম্পদ ও প্রভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিকল্পিতভাবে মুসলিম দেশগুলোকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে।
পেজেশকিয়ান আরও বলেন, শত্রুপক্ষ ইরানি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বিভেদ ও অভ্যন্তরীণ বিতর্ক তৈরির চেষ্টা করলেও বর্তমানে দেশটিতে নজিরবিহীন ঐক্য বজায় রয়েছে। ইয়েমেনের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, হুতি গোষ্ঠী এবং সৌদি আরবের উচিত আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করা। এক্ষেত্রে ইরান মধ্যস্থতাকারী হিসেবে সহায়তা করতে আগ্রহী।
তবে ইয়েমেনের ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন পেজেশকিয়ান। অথচ আন্তর্জাতিক মহলে ইয়েমেনের বিদ্রোহী হুতিদের পেছনে ইরানের সামরিক ও আর্থিক মদদ রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বর্তমানে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলমান রয়েছে।


























