যে দাবা খেলা কখনো শেষ হবে না: গণিতের এক বিস্ময়কর ধাঁধা
- আপডেট সময় : ০৮:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 0
বিডিসংবাদ অনলাইন ডেস্ক
দাবার বোর্ডে চেকমেট বা ড্র মেনে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন কোনো খেলা কি সম্ভব, যা অনন্তকাল ধরে চলতেই থাকবে, অথচ কোনো পক্ষই জয়ী হবে না বা ড্রও হবে না? গণিতবিদেরা এমন এক বিস্ময়কর ধারণার অনুসন্ধান করেছেন।
দাবা খেলতে গিয়ে অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়, যখন খেলার গতি কমে যায়। কোনো খেলোয়াড়ই প্রতিপক্ষকে চেকমেট করতে পারেন না, আবার নতুন করে আক্রমণ করার সুযোগও তেমন থাকে না। ঘুঁটিগুলো যেন ক্লান্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কেউ এগোতে চায় না বা পিছু হটতেও রাজি নয়। এমন অবস্থায় সাধারণত খেলোয়াড়েরা ড্র মেনে নেন, কিন্তু যদি কেউ ড্র মানতে রাজি না হন, তাহলে খেলা চলতেই পারে অনন্তকাল!
দাবার নিয়মে অবশ্য এমন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা আছে। একটি পরিচিত নিয়ম অনুযায়ী, কোনো ঘুঁটি না কেটে এবং কোনো পন বা বড়ে না সরিয়ে উভয় খেলোয়াড় যদি ৫০টি করে চাল দেন, তাহলে একজন খেলোয়াড় ড্র দাবি করতে পারেন। অর্থাৎ, টানা ১০০ চালেও যদি কোনো ঘুঁটি কাটা না হয় বা বড়ে না এগোয়, তাহলে খেলা ড্র হতে পারে। এই ৫০ চালের নিয়মের ইতিহাস বেশ জটিল, কারণ কিছু বিশেষ অবস্থানে জিততে ৫০ চালের বেশি সময় লাগতে পারে। বর্তমানে ফিদে (ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন) নিয়মে ৫০ চালের পর ড্র দাবি করা যায় এবং কোনো বড়ে না সরিয়ে ও ঘুঁটি না কেটে উভয় পক্ষ ৭৫টি করে চাল দিলে খেলা স্বয়ংক্রিয়ভাবে ড্র হয়।
তবে শুধু চালের সংখ্যা দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। তাই কেউ কেউ সম্পূর্ণ ভিন্ন একটি প্রস্তাব দিয়েছিলেন: কোনো খেলায় যদি চালের একটি নির্দিষ্ট ধারাবাহিকতা ঠিক একই অবস্থান থেকে শুরু করে পরপর তিনবার পুনরাবৃত্ত হয়, তাহলে খেলা শেষ হবে। এই নিয়মের সঙ্গে দাবার প্রচলিত একটি নিয়ম গুলিয়ে ফেললে চলবে না, যেখানে একই অবস্থান তিনবার ফিরে এলে খেলোয়াড় ড্র দাবি করতে পারেন, যা বাধ্যতামূলক নয়। বর্তমান ফিদে নিয়মে একই অবস্থানে পাঁচবার ফিরে এলে খেলা স্বয়ংক্রিয়ভাবে ড্র হয়। কিন্তু গণিতবিদেরা প্রশ্ন তোলেন, এমন কোনো খেলা কি সম্ভব, যেখানে কখনো চেকমেট হবে না, চালের একই ধারাবাহিকতাও পরপর তিনবার ঘটবে না, অথচ খেলাটি চলতেই থাকবে অনন্তকাল?
গণিতবিদেরা এমন সমস্যাকে গুরুত্ব দিয়েই দেখেন। তাঁরা দাবার মতো জটিল খেলা বাদ দিয়ে দুটি প্রতীক—০ ও ১—ব্যবহার করে একটি অসীম ধারা তৈরির কথা ভাবেন। শর্ত হলো, ধারাটির কোনো অংশই পরপর তিনবার হুবহু ফিরে আসবে না। অবাক করা ব্যাপার হলো, এমন ধারা তৈরির একাধিক উপায় আছে। এর মধ্যে একটি বিখ্যাত ধারা হলো ‘থু-মোর্স ধারা’। এই ধারা তৈরির নিয়ম খুব সহজ: প্রথমে ০ লিখে, তার বিপরীত ১ যোগ করে (০১), তারপর পুরো ধারাটির বিপরীত তৈরি করে শেষে যোগ করতে হয়। এভাবে এগোতে থাকলে ধারাটি হবে: ০, ০১, ০১১০, ০১১০১০০১, ০১১০১০০১১০০১০১১০…।
এই থু-মোর্স ধারার বিশেষ গুণ হলো, এতে পাশাপাশি একই অংশ দুবার আসতে পারে (যেমন, ০০ বা ১১), কিন্তু কোনো অংশই পরপর তিনবার আসে না। একে বলা হয় ট্রিপললেস সিকোয়েন্স। এই গাণিতিক ধারণাটিই ইঙ্গিত দেয় যে, তাত্ত্বিকভাবে এমন একটি দাবার খেলা সম্ভব, যা কোনোদিন শেষ হবে না—যেখানে কোনো চেকমেট হবে না, কোনো ড্র দাবি করা যাবে না, এমনকি কোনো স্বয়ংক্রিয় ড্রও কার্যকর হবে না, শুধু চালের পর চাল চলতেই থাকবে অনন্তকাল ধরে।























