রাজধানীর মগবাজারে বাস চাপায় এক যুবক মর্মান্তিকভাবে নিহত
- আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / 285
বিডিসংবাদ ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যেই ঢাকার মগবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বাসটিতে আগুন দেয়।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাইফুল ইসলাম (৩০) বলে পুলিশ জানিয়েছে। তিনি মগবাজারের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো: মারুফ হোসেন সরদার বলেন, ‘গোল্ডেন প্লাস নামে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই যুবক আহত হন। তখন আশপাশের জনতা এসে চালককে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।’
এর আগে গত রোববার দুপুরে ছুটির পরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। তারা রাস্তার পাশের ফুটপাথে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সাথে সাথে আহতদের কাছের কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এই ঘটনার পর ৯ দফা দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। দাবিগুলোর সাথে পরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিও যুক্ত হয়।
এ নিয়ে টানা ছয় দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।




















