রোকেয়া হলের ব্যালট ছিনতাইয়ে নূরকে দুষছে ছাত্রলীগ
- আপডেট সময় : ০৭:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
- / 179
বিডিসংবাদ অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণের সময় রোকেয়া হল থেকে পাওয়া ব্যালট পেপার কোটা সংষ্কার আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর ভিপি প্রার্থী নুরুল হক নুর ছিনতাই করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী। এই ঘটনার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন ভঙ্গ করেছেন।
তাই তার নামে ইতোমধ্যে মামলা করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। সোমবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
তিনি বলেন, ডাকসু নিয়ে সবার স্বপ্ন ছিলো। সবাই অনেক পরিশ্রম করেছেন। রোকেয়া হলে যে ব্যালট পেপার পাওয়া গেছে তা ফাঁকা ছিলো।
নুর নিজে সেখানে ছিল। সে নিজেও পরীক্ষা করে দেখেছে। তখন ধরা খাওয়ার ভয়ে সে আহত হওয়ার ভান ধরে। ল্যাবএইডের চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, নুর ডিহাইড্রেশনে ভুগছে। সে কারণে মাথা ঘুরে পড়ে গেছে। তার গায়ে কেউ নখের আঁচড়ও দেয়নি। এখন আহত হওয়ার নাটক করছে।
তিনি আরো বলেন, বিগত ১০ বছরে ক্যাম্পাসে কোনো গুলি চলেনি, ককটেল বিস্ফোরণ হয়নি, কোনো ক্লাশ সাসপেন্ড হয়নি। এই কারণে ছাত্রলীগের জনপ্রিয়তাকে ভয় পেয়ে রোববার রাতেই ছাত্র ইউনিয়নের লিটন নন্দী, কোটা আন্দোলনের নুর, ছাত্রদলের অনিক একজোট হয়ে ষড়যন্ত্র করেছে। আজ (সোমবার) তার মঞ্চায়ন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট শেষ হওয়ার পৌনে এক ঘণ্টা আগেই ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো ভোট বর্জন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামান বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভোট গ্রহণ করা হয়। ভিসি মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে একটি উৎসবমুখর পরিবেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করেছে, তার ভূয়সী প্রশংসা করি। যতগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করলাম, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।’
সকালে কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগ ওঠে। এসব ব্যালটে ছাত্রলীগের হল সংসদের প্রার্থীদের পক্ষে ভোট দেয়া ছিল। এরপর এই হলের ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে। এ প্রসঙ্গে ভিসি বলেন, কালক্ষেপণ না করে প্রভোস্টকে সরিয়ে দেয়া হয়েছে।
নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি খতিয়ে দেখবে কে বা কারা জড়িত। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
অনিয়মের ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। অনিয়মের অভিযোগের পাশাপাশি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। এর মধ্যে কয়েকটি সংগঠন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে।
এ বিষয়ে মো. আখতারুজ্জামান বলেন, রীতিনীতি ও গঠনতন্ত্র অনুসরণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ দেখে তিনি বিস্মিত হয়েছেন, যা তাদের অনুপ্রেরণা দেয়। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানান।




















