শিশুদের স্বাস্থ্যসেবায় শমরিতা হাসপাতালের মানবিক উদ্যোগ: বাংলাদেশ শিশু হাসপাতালে নেবুলাইজার হস্তান্তর
- আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 58
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শ্বাসকষ্টজনিত সমস্যার দ্রুত সমাধানে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে শমরিতা হাসপাতাল লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে (ঢাকা শিশু হাসপাতাল) সৌজন্যমূলক উপহার হিসেবে ৮টি নেবুলাইজার মেশিন প্রদান করা হয়েছে।

আজ (১ আগষ্ট) শমরিতা হাসপাতালের পক্ষ থেকে এই চিকিৎসা সরঞ্জামগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল ইসলাম এই নেবুলাইজার মেশিনগুলো গ্রহণ করেন।
এই হস্তান্তরের সময় শিশু হাসপাতালের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং শমরিতা হাসপাতাল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত চিকিৎসকগণ শমরিতা হাসপাতালের এই উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন। তারা জানান, শ্বাসকষ্ট, অ্যাজমা ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসায় নেবুলাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। শমরিতা হাসপাতালের দেওয়া এই ৮টি নেবুলাইজার মেশিন হাসপাতালে আসা বিপুল সংখ্যক অসুস্থ শিশুর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের স্বাস্থ্যখাতে, বিশেষ করে শিশুদের চিকিৎসায় এমন মহতী অবদান রাখার জন্য শিশু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শমরিতা হাসপাতালকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।




















