শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না
- আপডেট সময় : ০৪:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে ইমেইলের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের অনুরোধ জানানো হয়েছে। তবে এই চিঠিটি আদৌ শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত নয় হাইকমিশন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নথিতে ব্যক্তিগত অনুমোদনের কোনো প্রমাণ নেই। বিষয়টি যাচাইয়ের জন্য ইতিমধ্যে চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ দুপুরে গণমাধ্যমকে স্পষ্ট করেছেন, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেয়া হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আইনগতভাবে কোনো পলাতক আসামি এমন সুযোগ পাওয়ার অধিকারী নন। সেই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে এই নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরের বেশি সময় পর এটি তার দেশে ফেরার সবচেয়ে স্পষ্ট উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তবে এই আবেদন ঘিরে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে যখন বর্তমান সরকারের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের প্রেক্ষিতেই তারা নতুন কাগজপত্রের জন্য আবেদন করছেন। এই প্রেক্ষাপটে সরকার বিষয়টি কতটা গুরুত্বসহকারে দেখে বা কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।
























