হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক
- আপডেট সময় : ১১:৩৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 83
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল এবং আলমগীরকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে(৩৪) ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।
বিভিন্ন সোর্স থেকে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে। জানা যায়, হত্যা করে ভারতে প্রবেশ করে সে বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ৭/৮ মার্চ মধ্যবর্তী রাতে বাংলাদেশি দুই নাগরিক- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আটক করা হয়। তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে খুন করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।
এ বিষয়ে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
পরবর্তী তদন্ত অব্যাহত রয়েছে বলে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস




















