২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি
- আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির ভেতর নিজস্ব রাজনৈতিক প্রভাব বিস্তারের জোরালো উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
সরাসরি প্রেসিডেন্ট পদের প্রার্থী হওয়ার সাংবিধানিক যোগ্যতা না থাকলেও, নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া এবং প্রগতিশীল শক্তির গতিপ্রকৃতি নির্ধারণে তিনি একজন শক্তিশালী ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য স্থির করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি একজন প্রকৃত শ্রমিককে প্রেসিডেন্ট প্রার্থী করার ধারণাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
এই উদ্দেশ্য বাস্তবায়নে মামদানি বর্তমানে শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং বামঘেঁষা রাজনৈতিক শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই নানামুখী তৎপরতা ২০২৮ সালের নির্বাচনে দলের অভ্যন্তরীণ মেরুকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। তার এই তৎপরতাকে ২০২৮ সালের নির্বাচনে একজন প্রভাবশালী ‘কিংমেকার’ হয়ে ওঠার প্রস্তুতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তার আশঙ্কা, আগাম সমন্বয় না থাকলে দলটির বামঘেঁষা অংশ মনোনয়ন লড়াইয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে মামদানি চাচ্ছেন, দলীয় মনোনয়ন দৌড়ে কোনো মধ্যপন্থী প্রার্থী যদি এগিয়ে যান, তবে প্রগতিশীলরা যেন তাৎক্ষণিকভাবে ঐক্যবদ্ধ হতে পারে। তার মতে, ২০২০ সালের নির্বাচনে বারাক ওবামা যেভাবে জো বাইডেনের পক্ষে সমর্থন একত্রিত করে বার্নি স্যান্ডার্সের অবস্থানকে চ্যালেঞ্জ করেছিলেন, প্রগতিশীল শিবিরের ক্ষেত্রেও অনুরূপ সমন্বিত রাজনৈতিক কৌশলের প্রয়োজন রয়েছে।
তবে মামদানির রাজনৈতিক সমীকরণে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গাটি হলো তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ (এওসি)। তিনি ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নন মামদানি। এওসি নিজে এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় থাকলেও, প্রগতিশীল মহলের একাংশ তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত এই কংগ্রেস সদস্য ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে নাকি সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত করেননি। তবে এওসি নিজে দুই সম্ভাবনাই বিবেচনায় রাখছেন। গত মাসে এক সাক্ষাৎকারে মামদানিকে এওসিকে প্রেসিডেন্ট পদে দেখতে চান কি না, জানতে চাওয়া হয়েছিল।
মামদানি তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে গত মাসে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের (আইইউপিএটি) সভাপতি জিমি উইলিয়ামস জুনিয়রকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
সেখানে শ্রমিকদের সমর্থন আদায়ের কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
একই সঙ্গে অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএর প্রেসিডেন্ট সারা নেলসনের সঙ্গেও তিনি বৈঠক করেছেন এবং ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) সভাপতি শন ফেইনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার।
শ্রমিক নেতাদের সঙ্গে এই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে নির্বাচনে প্রভাবকের ভূমিকা দিতে চাইছেন মামদানি। যদিও জিমি উইলিয়ামস স্পষ্ট জানিয়েছেন যে, শ্রমিক আন্দোলনের নেতারা নির্বাচনী লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখলেও, তার নিজের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে তাকে নিজের অনুপ্রেরণার উৎস বলেও উল্লেখ করেন মামদানি। ধনকুবেরদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই শ্রমিকনেতার সংগঠন মিশিগানে আবদুল আল-সাইয়েদের নির্বাচনী সাফল্যেও ভূমিকা রেখেছে।
অন্যদিকে, উদারপন্থি সাময়িকী দ্য নেশনের সভাপতি ভাস্কর সুনকারা প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি মনে করেন, কেবল পেশাদার রাজনীতিক নয়, বরং সরাসরি শ্রমিক শ্রেণি থেকে কাউকে প্রেসিডেন্ট প্রার্থী করলে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সংযোগ আরও দৃঢ় হবে। তবে শন ফেইনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখার যে গুঞ্জন রয়েছে, তা তিনি ব্যক্তিগতভাবে নাকচ করে দিয়েছেন। সূত্র: অ্যাক্সিওস, এসবিএস নিউজ, দ্য নেশন ও রয়টার্স। একদিকে মধ্যপন্থীরা দলের নির্বাচনী সাফল্যের জন্য অপেক্ষাকৃত কেন্দ্রীয় অবস্থানের প্রার্থী চান, অন্যদিকে প্রগতিশীলরা শ্রমিক, তরুণ ও সাধারণ ভোটারদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দলীয় নেতৃত্বে পরিবর্তন আনতে আগ্রহী।
যদি আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ শেষ পর্যন্ত নির্বাচনে না দাঁড়ান, তবে বিকল্প হিসেবে মিশিগানের সিনেটর আবদুল আল-সাইয়েদ এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্নার নাম নিয়ে প্রগতিশীল শিবিরে আলোচনা চলছে। তাদের একজনকে বামঘেঁষা রাজনীতির মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিজের রাজনৈতিক ক্যারিয়ারে স্থানীয় নির্বাচনে সাফল্য পেলেও, জাতীয় পর্যায়ে মামদানির এই কিংমেকার হওয়ার প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েছে। প্রগতিশীলদের প্রত্যাশা এবং দলীয় নেতৃত্বের মেরুকরণের বাস্তবতায় শেষ পর্যন্ত তার কৌশল কতটুকু সফল হয়, সেটিই এখন দেখার বিষয়। মামদানিও প্রগতিশীলদের মধ্যে একই ধরনের রাজনৈতিক সমন্বয় গড়ে তুলতে চান।
























