দুই তরুণী ধর্ষণ মামলায় সাফাত ৬ সাদমান ৫ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৪:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
- / 327
বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের রিমান্ড চাওয়ার আবেদনে বলা হয়েছে, আসামিরা এই দুই তরুণী ছাড়া আরও অনেক তরুণীর সঙ্গ ধরনের ঘটনা ঘটিয়েছে। আসামিরা এই দুই শিক্ষার্থী ছাড়া আরও অনেক তরুণীকে জোর করে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
রিমান্ডের আবেদন পত্রে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা দুশ্চরিত্র। ইতোপূর্বে একইভাবে সরলমনা অনেক মেয়েকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাই মামলার রহস্য উদঘাটনসহ এজাহার নামীয় আসামিদের নাম ও ঠিকানা সংগ্রহের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন। আসামিদের রিমান্ডে পেলে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারে।
শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাফাত ও সাদমানকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের ইনস্পেক্টর ইসমত আরা এমি। শুনানি শেষে আদালত সাফাতের ছয় দিন ও সাদমানের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
























