‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’
- আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 19
নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বাদে দেশের বাকি সব বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বৈরী আবহাওয়ার মধ্যে জোরপূর্বক পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে রাজধানী ঢাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
চট্টগ্রাম বাদে পরীক্ষা চলবে সারা দেশে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষা চালিয়ে যাওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
দুপুর দেড়টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “আপাতত যে অবস্থা আছে, দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবার মত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের পাঁচটি জেলার পরীক্ষা স্থগিত থাকবে।”
শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, শিক্ষার্থীরা সায়েন্সল্যাবের সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে। অন্যদিকে, উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম জানান, বেলা পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করলে আব্দুল্লাহপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি ও স্লোগান অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্দোলনরত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। এ সময় তাদের ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল।
শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনা না করেই সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, “সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেনি। তাই আমরা এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদ করছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সোমবারের ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। আমরা চাই শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা হোক।”























