সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন
- আপডেট সময় : ০৫:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 1
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর আস্থা রাখুন, তিনিই সব সমস্যার সমাধান করবেন। ৩ অক্টোবর, শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা মোলার পাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা বলেন। শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে। একদিকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে কৌশলগত সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট প্রশ্ন তুললে রাশেদ খাঁন এমন মন্তব্য করেন। তিনি শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সব সময় তাদের পরিবারের পাশে আছে এবং তারা পূর্ণ ন্যায়বিচার পাবেন বলে তিনি নিশ্চয়তা দেন। এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খাঁন।
এসময় শহীদ ওয়াসিমের কবরে যাতায়াতের প্রধান সড়কটির টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমন বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে যেসব সমালোচনা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগই সেই সব সমালোচনার যোগ্য জবাব। জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার বিষয়ে রাশেদ খাঁন বলেন, যারা জুলাই আন্দোলনে বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জন্য ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামই জবাব।
রাশেদ খাঁন আরও বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার বিষয়ে তিনি দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছিলেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে তিনি মন্তব্য করেন, সালাহউদ্দিন আহমদের সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে এই গণ-অভ্যুত্থান সফল করা সম্ভব হতো কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান এবং স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। রাশেদ খাঁনের ভাষ্য, তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ তখন আন্দোলনের মূল সমন্বয়ের কাজ শুরু করেন।























