১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’
- আপডেট সময় : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 3
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রকাশের প্রায় এক দশক পর ইউটিউবে নতুন মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শীর দ্বৈত গান ‘জনম জনম’। গানটি ১০ কোটি বা ১০০ মিলিয়ন ভিউয়ের ঘর পেরিয়েছে।
২০১৭ সালে প্রকাশিত গানটি ছিল ইমরান-পড়শী জুটির প্রথম দ্বৈত গান। এরপর তারা একাধিক গানে একসঙ্গে কণ্ঠ দিলেও পুরনো এই গানটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। প্রকাশের প্রায় নয় বছর পর ইউটিউবে ১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করল গানটি।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরান মাহমুদুল। তিনি লেখেন, ‘আমার মিউজিক ক্যারিয়ারে পড়শীর সঙ্গে এটাই ছিল প্রথম কোনো ডুয়েট গান। দেখতে দেখতে গানটি ১০ কোটিরও বেশি ভিউ পার করেছে।’
গানটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তায় আনন্দ প্রকাশ করে ইমরান আরও লেখেন, ‘যদিও গানটি ইউটিউবের যুগের গান নয়, তারপরও সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আজও গানটি শ্রোতাদের ভালোবাসা পাচ্ছে- এটাই সত্যিই আনন্দের।’
‘জনম জনম’ গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। ইমরানের সুর ও সংগীতে গানটি প্রকাশিত হয়েছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামে। অ্যালবামটির অন্যতম জনপ্রিয় গান হিসেবেও জায়গা করে নেয় এটি।
গানটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে ইমরান বলেন, ‘রবিউল ইসলাম জীবনের কথায়, আমার সুর ও সংগীতে ‘জনম জনম’ গানটি ছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামের গান। সেই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটিও ছিল অন্যতম। গানটির সঙ্গে জড়িত প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ‘জনম জনম’ এভাবেই বেঁচে থাকুক শ্রোতাদের ভালোবাসায়।’
২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির অফিশিয়াল ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি নির্মাণ করেছিলেন রম্য খান।
বিডিসংবাদ/এএইচএস



















