সাইফের জন্মদিনে কারিনার আবেগঘন পোস্ট
- আপডেট সময় : ১১:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 34
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ৫৬তম জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী কারিনা কাপুর খান। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একাধিক অদেখা ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে প্রতিটি ছবিই সাইফের অনুমোদন নিয়েছেন বলে জানিয়েছেন কারিনা।
সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় নন সাইফ। ব্যক্তিগত জীবনও বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ‘ছোটে নবাব’। তবে কারিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাঝেমধ্যেই তাঁদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত ভক্তদের সামনে আসে।
১৬ আগস্ট সাইফ আলি খানের জন্মদিন। এ উপলক্ষে কারিনা তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন।
পোস্টের ক্যাপশনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে করিনা লেখেন, ‘শুভ জন্মদিন আমার সারা জীবনের সঙ্গী।’ পাশাপাশি মজার ছলে জানান, সাইফকে ছাড়া তাঁর জীবন আরও বেশি একঘেয়ে হয়ে যেত।
কারিনা আরও জানান, পোস্টে থাকা সব ছবিই সইফকে দেখিয়ে তাঁর অনুমোদন নেওয়া হয়েছে। স্বামীর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতে তিনি পছন্দ করেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
কারিনার এই বিশেষ পোস্টে ব্যবহার করা হয়েছে ২০০৮ সালের জনপ্রিয় সিনেমা ‘তশন’-এর গান ‘দিল ড্যান্স মারে’। গানটির সঙ্গে রয়েছে তাঁদের সম্পর্কেরও বিশেষ স্মৃতি।
‘তশন’ সিনেমার শুটিংয়ের সময়ই সইফ ও করিনার প্রেমের সম্পর্কের শুরু। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালে মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠ একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
বর্তমানে তাঁদের দুই ছেলে—তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান।
বিডিসংবাদ/এএইচএস

























