চিকিৎসার অভাবে মৃত্যু কাম্য নয়: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 18
চিকিৎসার অভাবে দেশে কোনো মানুষের মৃত্যু হোক, তা আমরা চাই না—এমন দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সাধারণ রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গজারিয়ার এই হাসপাতালটিকে দ্রুত ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি।
পরিদর্শনকালে সরকারি হাসপাতালে পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা থাকার পরেও রোগীদের কেন বাইরে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে, সে বিষয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এ সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের সতর্ক করেন মন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতে হাসপাতালের সেবার মান নিয়ে অনিয়ম করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি হাসপাতালের সেবার মান রক্ষায় কঠোর অবস্থান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। এমনকি বর্তমানে যে ক্লিনিকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনোটি নিয়ম মেনে না চললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা পর্যায়ে সাপের কামড়ের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। হাসপাতাল পরিদর্শনকালে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

























