তেজগাঁওয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর নিহত
- আপডেট সময় : ০২:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
- / 300
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম আবদুল আজিজ (১৬)। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজিজের বন্ধু মাফিজুর তাদের প্রতিপক্ষের একটি ছেলেকে চাকু দিয়ে ভয় দেখান। এরপর বেলা আড়াইটার দিকে সাইমুন, জুয়েল ও মনিরসহ ৪-৫ জন কিশোর তেজকুনিপাড়া এলাকায় গেলে আজিজ হাতে থাকা চাকু দিয়ে সাইমুনকে আঘাত করতে যায়। সাইমুন সেই আঘাত প্রতিহত করে আজিজের মাথায় পাল্টা আঘাত করে।
পুলিশের হাতে আটক হওয়া সাইমন জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে আজিজ তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে। সে পাল্টা আঘাত করলে আজিজের মৃত্যু হয়।
পরে রনি ও জসিম আজিজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, আজিজ আগেই মারা গেছে।
আজিজের বাবার নাম মোহাম্মদ আবদুল বশির। আজিজ স্থানীয় একটি মোটর ওয়ার্কশপে কাজ করতো। এ ঘটনার পর পুশিস সাইমন জুয়েল রনি ও জসিমকে আটক করেছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।




















