অভিনেত্রী রওশন আরা অসুস্থ
- আপডেট সময় : ০৭:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / 375
আনন্দমেলা প্রতিবেদক
মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন অসুস্থ। তার স্বামী অভিনেতা জামালউদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন। এই দম্পতির কানাডা প্রবাসী ছেলে তাশফিন হোসেন জানিয়েছেন, রওশন আরা এখন ছেলের বাড়িতে আছেন। তিনি পারকিনসনস রোগে ভুগছেন দুই বছরের বেশি সময় ধরে। রওশন আরা হোসেন চলতে ফিরতে পারেন না, এমনকি ভালো করে কথাও বলতে পারেন না।
অভিনয়শিল্পী রওশন আরা হোসেন ও তাঁর স্বামী অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। প্রায় পনেরো বছর হলো এই দম্পতি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কদিন আগে তাঁরা কানাডার ক্যালগিরিতে বেড়াতে গিয়েছেন ছেলে তাশফিন হোসেনের কাছে। সেখানেই গত ১৮ সেপ্টেম্বর বুধবার অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জামালউদ্দিন হোসেন। গত সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে।
জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেন একসঙ্গে কাজ করেছেন মঞ্চনাটকে, টিভি নাটকে। কাজের সুবাদেই দুজনের পরিচয়। ১৯৭৫ সালে বিয়ে করে সংসার গড়েন তারা। ১৯৭৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নাগরিক নাট্যাঙ্গনের হয়ে কাজ করেছেন। এরপর ১৯৯৭ সালে তারা গড়ে তোলেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নামের নাটকের দল।
বিডিসংবাদ/আতে


























