উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১
- আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 0
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে করা এই মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মালিক ও ম্যানেজারের বাইরে অন্য কাউকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওসি আতিকুর রহমান মজুমদার জানান, উদ্ধারকৃত মরদেহ ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই এই প্রক্রিয়া অনুসরণ করা হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ পরীক্ষার সুবিধার্থে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারের স্থানীয় হাসপাতালেই এই পরীক্ষা সম্পন্ন করা হবে। নমুনা পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
























