গুগল জেমিনি ব্যবহারে আসছে বড় পরিবর্তন, কমবে বিনামূল্যের সুবিধা
- আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 3
কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্যবহারের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। আগামী ৯ অক্টোবর থেকে সাধারণ ব্যবহারকারীরা তাদের ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে আর জেমিনি ফ্ল্যাশ ও জেমিনি প্রো মডেল ব্যবহার করতে পারবেন না। এই পরিবর্তনের ফলে বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য একমাত্র বিকল্প হিসেবে থাকবে ‘জেমিনি ফ্ল্যাশ-লাইট’ মডেল। গুগলের সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, এখন থেকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধু এই ফ্ল্যাশ-লাইট মডেলটিই কার্যকর থাকবে।
জেমিনি ফ্ল্যাশ-লাইট মূলত দৈনন্দিন ব্যবহারের জন্য সাশ্রয়ী একটি সংস্করণ। এর চেয়ে বেশি কার্যকর মডেলগুলোর মধ্যে রয়েছে জেমিনি ফ্ল্যাশ, যা দৈনন্দিন কাজ যেমন লেখালেখি, অনুবাদ, ছবি বিশ্লেষণ ও ছোটখাটো কোডিংয়ের জন্য উপযোগী। অন্যদিকে, জটিল গাণিতিক সমস্যা সমাধান, উন্নত যুক্তি বিশ্লেষণ এবং বড় ধরণের নথি বা ফাইল পর্যালোচনার জন্য জেমিনি প্রো মডেলটি ব্যবহার করা হয়।
এই বিধিনিষেধ কেবল সাধারণ ব্যবহারকারীদের ওপরই নয়, বরং পেইড গ্রাহকদের ওপরও প্রভাব ফেলবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মাসে ৫ ডলার দিয়ে যারা ‘এআই প্লাস’ সাবস্ক্রিপশন ব্যবহার করেন, তারা এখন থেকে জেমিনি ৩.১ প্রো মডেল ব্যবহারের সুবিধা হারাবেন। জটিল কোডিং ও গণিতের ক্ষেত্রে জেমিনি ৩.১ প্রো মডেলটি আগের চেয়ে অনেক বেশি দক্ষ বলে গুগলের দাবি। এই কাজের জন্য ব্যবহারকারীদের এখন আরও ব্যয়বহুল প্ল্যান বেছে নিতে হবে।
গুগলের তথ্য অনুযায়ী, ‘এআই প্রো’ সাবস্ক্রিপশনের মাসিক ফি ২০ ডলার। এছাড়া যদি কেউ আরও উচ্চসীমার ব্যবহারের সুযোগসহ ‘এআই আল্ট্রা’ প্ল্যান নিতে চান, তবে তাকে মাসে অন্তত ১০০ ডলার খরচ করতে হবে। মডেল ব্যবহারের ক্ষেত্রে নতুন ‘এফোর্ট লেভেল’ সুবিধাও যুক্ত করা হয়েছে, যেখানে লো, মিডিয়াম ও হাই—এই তিন স্তরের একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে। উচ্চস্তরের এফোর্ট ব্যবহারে মডেলের কাজের গভীরতা বাড়লেও, নির্ধারিত ব্যবহারের সীমা দ্রুত শেষ হয়ে যাবে।
প্রিমিয়াম গ্রাহকদের জন্য গুগলের পক্ষ থেকে ‘ডিপ থিংক’ নামে একটি বিশেষ সুবিধা দেওয়া হবে, যা জেমিনির সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করবে। সাধারণ গ্রাহকদের জন্য জেমিনি ৪ আর্গন উন্মুক্ত করা হলে, এআই আল্ট্রা সাবস্ক্রাইবাররা সেটি ব্যবহারের অগ্রিম সুযোগ পাবেন। বর্তমানে মডেলটি কেবল গুগলের ফেয়ারউইন্ড প্রোগ্রামের আওতাভুক্ত সরকার ও বিশ্বস্ত অংশীদারদের জন্য সীমিত আকারে উন্মুক্ত রয়েছে।






















