এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত করবে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 4
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো উন্নয়ন এবং বহুল প্রতীক্ষিত ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নের কাজ উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে। বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, সরকারি সেবার আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর কাছে সমন্বিত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া সরকারের বড় চ্যালেঞ্জগুলোর একটি। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, উন্নত প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
তিনি আরও বলেন, সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নে কাজ করছে এবং দ্রুত এটি কার্যকর করাই সরকারের লক্ষ্য। এস্তোনিয়া সফরের সময় বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ নিয়ে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন, তা বর্তমান উদ্যোগে বিশেষ ভূমিকা রাখছে।
প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি মজবুত করতে সহায়ক হবে। তিনি রাষ্ট্রদূতকে এস্তোনিয়ার বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখার অনুরোধ জানান।
এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে ডিজিটাল সহযোগিতার দারুণ সম্ভাবনা রয়েছে। ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে তাদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করতে তারা আগ্রহী। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, এস্তোনিয়ার ডিজিটাল কাঠামো তৈরিতে সরকারি নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও অনুসরণীয় হতে পারে।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা জানান, জাতীয় পর্যায়ে আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে চলমান প্রকল্পটি গুরুত্বপূর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে। তিনি বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি করেছে।
সচিব আরও জানান, জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও গতিশীল হবে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বৈঠকে রপ্তানি বহুমুখীকরণ নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, তৈরি পোশাকের বাইরেও ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যের মতো সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















