বাড্ডায় মসজিদের সামনে আওয়ামী লীগ নেতা খুন
- আপডেট সময় : ০৩:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮
- / 287
বিডিসংবাদ ডেস্কঃ ঢাকার বাড্ডায় গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুলিবিদ্ধ হয়ে তিনি সাথে সাথে লুটিয় পড়েন।
নিহত ফরহাদ হোসেন বাড্ডা ইউনিয়ন (এখন সিটি করপোরেশনের অধীন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মাথা ও বুকে গুলি লাগে।
বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান, উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
“জুমার নামাজ পরে ফরহাদ হোসেন বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়।”
গুলিবিদ্ধ ফরহাদ ঘটনাস্থলেই মারা যান। কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাড্ডা এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে গত এপ্রিল মাসে নিহত হয়েছিলেন আওয়ামী লীগের আরেক সমর্থক।

























